শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ২২, ২০২৬
অনলাইন ডেস্ক : নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে ভারতে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্র সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। এ সময় তাকে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন নেতাকে পুলিশ আটক করে। পরে রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক থাকা অবস্থায় দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানান, শিক্ষার্থী ইস্যুতে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার পাঁচ দাবির মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিক্ষোভ দমনের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষাব্যবস্থায় দ্রুত সংস্কার।
রাহুল গান্ধী অভিযোগ করেন, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর দায় সরকারের নিতে হবে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা কেন বারবার প্রশ্নফাঁসের মতো সমস্যার মুখে পড়ছে এবং কেন শিক্ষা এত ব্যয়বহুল হয়ে উঠছে—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।
তিনি আরও জানান, বিরোধী জোট বুধবার সংসদের উভয় কক্ষে এ বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি জানাবে।
এদিকে, কংগ্রেসের বিক্ষোভস্থলে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে তার দাবিগুলো শোনেন। পরে তিনি অভিযোগ করেন, রাহুল আগে সংসদে আলোচনার দাবি জানালেও পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান নিয়েছেন।
জিতেন্দ্র সিং বলেন, সরকার নিটসহ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। তবে বিরোধীদের বর্তমান অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত থাকলেও বিরোধীরা সমাধানের বদলে রাজনৈতিক সংঘাত বাড়ানোর পথ বেছে নিচ্ছে।
নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে ভারতে সাম্প্রতিক সময়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত এ ইস্যুতে এখন সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে।