অনলাইন ডেস্ক : ইসরায়েলের সংসদে বিরোধী আইনপ্রণেতাদের তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভোটাভুটির আগেই কক্ষ ত্যাগ করেন। বিরোধী সদস্যরা তাকে লক্ষ্য করে ‘লজ্জা’ ও ‘চলে যান’ স্লোগান দিলে সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের আগে নেতানিয়াহু সরকার একাধিক বিতর্কিত বিল দ্রুত পাস করানোর উদ্যোগ নিলে বিরোধীরা এর প্রতিবাদ জানায়। যদিও প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই শেষ পর্যন্ত সরকারপক্ষ আইনগুলো পাস করাতে সক্ষম হয়।
পার্লামেন্ট ভেঙে যাওয়ার আগে সরকার যেসব আইন অনুমোদন করেছে, তার বেশিরভাগই নেতানিয়াহুর অতি-রক্ষণশীল ও কট্টর ডানপন্থি জোটসঙ্গীদের দাবির সঙ্গে সংশ্লিষ্ট। বিশ্লেষকদের মতে, জোটের সমর্থন ধরে রাখতেই এসব পদক্ষেপ নিয়েছে সরকার।
সবচেয়ে আলোচিত আইনের একটি হলো অতি-রক্ষণশীল হারেদি ইহুদি তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতির সুযোগ আরও শক্তিশালী করা। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাসদস্যের ঘাটতির কারণে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বর্তমানে তাদের অন্তত ১২ হাজার সেনার ঘাটতি রয়েছে। একই সময়ে সামরিক সেবার উপযুক্ত প্রায় ৭২ হাজার হারেদি যুবক সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় নিয়মিত ও রিজার্ভ সদস্যদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এদিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির প্রকাশ্যে এই আইনের বিরোধিতা করে বলেন, এটি সেনাবাহিনীর বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে দায়িত্ব পালনকারী সদস্যদের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
বিতর্কিত আইনটি পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলগুলো হাই কোর্টে আবেদন করে। পরে আদালত আইনটির বাস্তবায়নের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে।
এছাড়া সরকার অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করা, সম্প্রচার খাতের নিয়ন্ত্রণব্যবস্থা পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষের পৃথক শিক্ষাক্রম সম্প্রসারণ-সংক্রান্ত আরও কয়েকটি বিতর্কিত আইনও পাস করেছে। সমালোচকদের মতে, এসব পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং শিক্ষাক্ষেত্রে সমতার জন্য উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের জন্য বিপুল অর্থ বরাদ্দ এবং আরও ৩৪টি নতুন আউটপোস্টকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলের অধিকাংশ নাগরিক হারেদিদের বিশেষ সুবিধা দেওয়ার বিরোধিতা করছেন। বিরোধী নেতারা বিষয়টিকে আগামী নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছেন। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের দাবি, সরকার মনে করছে সময়ের সঙ্গে এই বিতর্কের প্রভাব কমে যাবে এবং জোটের ঐক্য বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।