মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা
অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে বিশেষ পরিকল্পনা করছে স্পেন। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকাকে থামানোই ম্যাচের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন। শেষ দুই ম্যাচে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে অতীতের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সেভিয়ার যুব দলের কোচ থাকাকালে স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়ে তরুণ মেসিকে শুরু থেকেই কড়া মার্কিংয়ে রেখেছিলেন। ৭০ মিনিট পর্যন্ত তাকে আটকে রাখা গেলেও মার্কিংয়ে থাকা খেলোয়াড় লাল কার্ড দেখার পর মাত্র ১৫ মিনিটে চার গোল করেন মেসি।
স্পেন কোচ বলেন, মেসিকে পুরোপুরি থামানো কঠিন হলেও তার ওপর সারাক্ষণ বিশেষ নজর রাখা হবে। তবে শুধুমাত্র একজন খেলোয়াড়কে ঘিরেই তাদের পরিকল্পনা নয়, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করার প্রস্তুতিও রয়েছে।
এদিকে ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে মেসির তুলনা নিয়ে কথা বলেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, মেসি অনন্য একজন ফুটবলার এবং তরুণদের জন্য অনুপ্রেরণা। তবে ইয়ামালকে নিজের স্বকীয়তা ধরে রেখে এগিয়ে যেতে হবে, তাকে অন্য কারও সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই।











