অনলাইন ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াই নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। পরিসংখ্যান বিশ্লেষণ করে অপ্টা সুপারকম্পিউটার এই ম্যাচে ফাইনালে ওঠার দৌড়ে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে।
শিরোপার অন্যতম দাবিদার দুই দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ইংল্যান্ডের লড়াই কতটা জমবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।
নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচের ফল নিয়েও পূর্বাভাস দিয়েছে সুপারকম্পিউটার। এতে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ দেখানো হয়েছে। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাতেও দুই দলকে কাছাকাছি রেখেছে অপ্টা। আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ, যেখানে ইংল্যান্ডের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ।
তবে শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্স, খেলোয়াড়দের ফর্ম, কৌশল এবং ম্যাচের পরিস্থিতিই নির্ধারণ করবে কে যাবে বিশ্বকাপের ফাইনালে।