শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে সারাদেশে ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারেই আক্রান্ত হয়েছেন ৯ লাখের বেশি মানুষ।

বন্যার পানিতে ভেসে চট্টগ্রামের বাঁশখালীতে দুই শিশু এবং সাতকানিয়ায় এক কিশোরের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় সাড়ে ৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়েছেন। অনেক এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের সাত উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীর সদস্যরা।

বাঁশখালীর বাহারছড়া এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে মারা গেছে সাত বছরের মোহাম্মদ আশিক ও তিন বছরের মোহাম্মদ মিরাজ। অন্যদিকে সাতকানিয়ার চরতি এলাকায় পানির স্রোতে ভেসে ১৭ বছর বয়সী মোহাম্মদ যায়েদের মৃত্যু হয়েছে।

কক্সবাজারেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চকরিয়া, পেকুয়া, রামু ও মাতামুহুরী এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পেকুয়ার মেহেরনামা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার প্রায় ১০০টি গ্রাম বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।

রাঙামাটিতে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়েছেন। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সাতক্ষীরা ও ভোলার মনপুরাতেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। মনপুরায় ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মৌলভীবাজারে মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মৎস্য খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, জেলার বিভিন্ন পুকুর, খামার ও চিংড়িঘের প্লাবিত হয়ে প্রায় ৩৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের কয়েকটি নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। আগামী দিনের বন্যা পরিস্থিতি নির্ভর করবে দেশের বিভিন্ন অঞ্চলে এবং উজানে বৃষ্টিপাতের পরিমাণের ওপর।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য

ঢাকা মেডিক্যালের ৮০ বছরপূর্তিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ