অনলাইন ডেস্ক : পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এতে তার চরিত্রের নাম মেঘনা।
‘আজও অর্ধাঙ্গিনী’ মূলত ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের সিকুয়্যাল। দাম্পত্যের টানাপড়েন, অতীতের ক্ষত, সম্পর্কের জটিলতা ও মানুষের মনস্তত্ত্বকে ঘিরেই তৈরি হয়েছে ছবিটির গল্প।
সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, আগের ছবির ধারাবাহিকতায় মেঘনা (জয়া আহসান) ও সুমনের (কৌশিক সেন) সম্পর্ক নতুন সংকটের মুখে পড়ে। বিয়ের পরও সুখের দেখা না পাওয়া মেঘনা অতীতের নানা ঘটনা, অবিশ্বাস ও মানসিক দ্বন্দ্বের কারণে ভেঙে পড়তে থাকেন।
ট্রেলারের একটি আবেগঘন দৃশ্যে দেখা যায়, নিজের সংসার বাঁচানোর আশায় সুমনের সাবেক স্ত্রী শুভ্রার (চূর্ণী গঙ্গোপাধ্যায়) কাছে সাহায্য চাইতে যান মেঘনা। জয়ার আবেগঘন অভিনয় ও সংলাপ দর্শকদের নজর কেড়েছে।
প্রথম ছবির মতো এবারও জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি দৃশ্যগুলো সিনেমার অন্যতম আকর্ষণ। তবে এবারের গল্পে সম্পর্কের সমীকরণে এসেছে নতুন পরিবর্তন। মেঘনাকেই দেখা যাচ্ছে শুভ্রার কাছে যেতে, যা নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে।
জয়া আহসান বলেন, কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো সহশিল্পী না থাকলে পর্দায় মেঘনা চরিত্রটি ফুটিয়ে তোলা কঠিন হতো।
ছবিতে নতুন সংযোজন হিসেবে রয়েছেন ইন্দ্রাশীষ রায়। তার চরিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। তিনি মেঘনার জীবনে শুধুই বন্ধু হিসেবে থাকবেন, নাকি নতুন কোনো পরিবর্তন আনবেন, তা জানা যাবে সিনেমা দেখার পর।
২০১৩ সালের নয়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি সম্পর্ক, ভালোবাসা ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান। দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছিল সিনেমাটি।
নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, নতুন ছবির গল্প প্রথম সিনেমার কয়েক বছর পরের ঘটনা নিয়ে এগিয়েছে। এবার একটি বিয়ে ও তার চারপাশের পুরোনো-নতুন সম্পর্কের টানাপড়েন গল্পের মূল বিষয়।
তিনি জানান, নতুন পর্বে চরিত্রগুলোর অজানা অনেক দিক সামনে আসবে। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরে তৈরি হবে বড় ধরনের আবেগঘন সংকট। তার পরিচয় ঘিরে থাকা অনিশ্চয়তা গল্পকে আরও জটিল করে তুলবে।
‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন জয়া আহসান। তিনি বলেন, প্রথম ছবির আবেগ ধরে রেখে নতুন গল্পকে আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।