শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ-চীনের নতুন অংশীদারিত্ব

news-image

অনলাইন ডেস্ক : কৃষি, সার সরবরাহ, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা গড়ে তুলতে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ফুজিয়ান প্রদেশ।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিনের সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কৃষি প্রযুক্তি হস্তান্তর, গবেষণা, উন্নত বীজ ব্যবহার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য উন্নয়ন, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ সম্মতি জানায়।

এ ছাড়া বাংলাদেশি কৃষি বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ, গবেষণা সহযোগিতা এবং বৃত্তি কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান জি-টু-জি ডিএপি সার সরবরাহ চুক্তি নবায়নের বিষয়টিও গুরুত্ব পায়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় কৃষি সচিব ড. রফিকুল ইসলাম মোহাম্মদ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফুজিয়ান প্রভিন্সিয়াল সাপ্লাই অ্যান্ড মার্কেটিং কো-অপারেটিভের পরিচালক ও সিপিসি পার্টি লিডারশিপ গ্রুপের সেক্রেটারি লিন গুওশান।

চীনা প্রতিনিধি দল জানায়, সেপ্টেম্বর-অক্টোবর মৌসুমে সরকারি সার সংগ্রহ কার্যক্রম শুরুর আগেই ডিএপি সার সরবরাহ চুক্তি নবায়ন করা প্রয়োজন। দ্রুত চুক্তি সম্পন্ন হলে কৃষকদের জন্য সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি নবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে কৃষি গবেষণা ও উদ্ভাবনের বিষয়েও আলোচনা হয়। চীনের ফুজিয়ান প্রদেশের উচ্চফলনশীল হাইব্রিড ধান বাংলাদেশে আনার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড-চেইন ব্যবস্থা এবং বাণিজ্যিক মৎস্য চাষে সহযোগিতার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।

রপ্তানিমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে চীনের প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে শুকনা কাঁঠালের চিপসসহ মূল্য সংযোজনকারী কৃষিপণ্য উৎপাদনে কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ফুজিয়ান কর্তৃপক্ষ।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। দেশের ২ লাখের বেশি সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীনের ফুজিয়ান প্রদেশ।