বিনিয়োগ ও শিল্পায়ন বাড়াতে নতুন সিদ্ধান্ত সরকারের
অনলাইন ডেস্ক : দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) এবং ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন আইনের আওতায় বিনিয়োগকারীদের অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা গ্রহণ, শিল্পাঞ্চল উন্নয়ন ও সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ওয়ান-স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এবং ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত সব সেবা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের কার্যকর ব্যবহার নিশ্চিত করে অন্তত ১৫ শতাংশ সাশ্রয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এই লক্ষ্য পূরণে সৌরবিদ্যুৎ, স্মার্ট গ্রিড, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা, সৌরচালিত সেচ, ভাসমান সৌরবিদ্যুৎ, বায়ু ও পানি বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বৈদ্যুতিক যানবাহনের চার্জিং অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে পৃথক তহবিল, সহজ শর্তে অর্থায়ন, কর সুবিধা ও কার্বন ক্রেডিট ব্যবস্থার মতো উদ্যোগও রাখা হয়েছে। পাশাপাশি এ খাতে দক্ষ জনবল তৈরিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে নতুন ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এ আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে এলসির পাশাপাশি অনুমোদিত অন্যান্য আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতিতে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিতে মুক্ত বাণিজ্য অঞ্চল ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ স্থাপন, রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুবিধা বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং ইলেকট্রনিক লাইসেন্স ও অনলাইন সনদ ব্যবস্থার মাধ্যমে কাস্টমস কার্যক্রম সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রথমবারের মতো ‘প্রবাসী বাংলাদেশি’র সংজ্ঞা যুক্ত করা হয়েছে আমদানি নীতিতে। তাদের অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের জন্য মূলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানির সুবিধা আরও সহজ করার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের মতে, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সম্প্রসারণ, আধুনিক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকস কেন্দ্রে পরিণত করার পথ আরও সুগম হবে। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর কিছু কীটনাশকের আমদানি নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।











