এনসিপির নতুন কাঠামো, কাউন্সিলে চূড়ান্ত হবে গঠনতন্ত্র
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ১০, ২০২৬
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করছে দলটি। ওই কাউন্সিলেই নতুন নেতৃত্ব নির্বাচন, গঠনতন্ত্র অনুমোদন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, কাউন্সিল সামনে রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করা, সাংগঠনিক পুনর্বিন্যাস এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাঠামো পরিবর্তনের কাজ চলছে। যদিও এখনো কাউন্সিলের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া এবং প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জোটগতভাবে ছয়টি সাধারণ ও দুটি সংরক্ষিত নারী আসন পাওয়ার পর এনসিপি এখন একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। দলটির নেতারা মনে করছেন, প্রথম কাউন্সিল হবে সেই রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ।
বর্তমানে এনসিপির কেন্দ্রীয় কাঠামোয় আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে। তবে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য এসব পদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন কাঠামোয় মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কের মতো কিছু পদ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবকেন্দ্রিক কাঠামো গড়ে তোলা হবে। দলের নেতারা বলছেন, পদ কমানো নয়, বরং সিদ্ধান্ত গ্রহণে গতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
এনসিপির অন্যতম বৈশিষ্ট্য হলো, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ক্ষমতা কোনো একক ব্যক্তির হাতে নেই। ১৮ সদস্যের রাজনৈতিক পর্ষদ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন কাঠামোতেও এই পর্ষদের ভূমিকা অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
দলটির পূর্ণাঙ্গ গঠনতন্ত্র এখনো অনুমোদন পায়নি। বর্তমানে একটি খসড়া গঠনতন্ত্রের ভিত্তিতে কার্যক্রম চলছে। প্রথম জাতীয় কাউন্সিলে প্রতিনিধিদের সামনে এটি উপস্থাপন করা হবে এবং আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
প্রস্তাবিত গঠনতন্ত্রে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন, সদস্যপদ, জেলা-উপজেলা কমিটি গঠন, শৃঙ্খলা বিধি, আর্থিক ব্যবস্থাপনা, রাজনৈতিক পর্ষদের ক্ষমতা ও সংসদীয় দলের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, নতুন কাঠামোয় প্রচলিত রাজনৈতিক দলের আদলে আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব পদ রাখা হবে। মুখ্য সংগঠক পদটি নতুন কাঠামোয় থাকবে না।
তবে দলের কয়েকজন নেতা মনে করছেন, দ্রুত বিস্তৃত হওয়া সংগঠনে এখনো কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া, দায়িত্ব বণ্টনে অসামঞ্জস্য এবং নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগও রয়েছে।
সম্প্রতি বিভিন্ন বিতর্কিত ঘটনায় ভবিষ্যতে নেতৃত্ব নির্বাচনে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে বলে মনে করছেন দলটির নেতারা। তাদের মতে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলনভিত্তিক প্ল্যাটফর্ম থেকে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে রূপান্তরের ক্ষেত্রে এনসিপির প্রথম জাতীয় কাউন্সিল বড় পরীক্ষা হবে। গঠনতন্ত্র, নেতৃত্বের কাঠামো ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে পারলে দেশের রাজনীতিতে দলটি দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি করতে পারে।