অনলাইন ডেস্ক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট ও গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও আরও কয়েকটি এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। পাশাপাশি যানজট ও গণপরিবহনের সংকটে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জানান, বৃষ্টির কারণে বাস না পেয়ে হেঁটে মূল সড়কে আসতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গণপরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকরাও বৃষ্টির কারণে আয় কমে যাওয়ার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, বৃষ্টির দিনে যাত্রী কম থাকায় দৈনন্দিন খরচ ও কিস্তির টাকা পরিশোধ করাও কঠিন হয়ে পড়ে।