বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ১২৬ স্থানে পাহাড়ধস, নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ চলছে

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় ১২৬টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এক মুদি ব্যবসায়ী এখনও নিখোঁজ রয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়িমুখ এলাকায় পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সওজের কর্মীরা মাটি সরিয়ে এক পাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। তবে পুরো সড়ক সচল করতে কাজ অব্যাহত রয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া এলাকায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড়ধস হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বাঘাইছড়ি-মারিশ্যা-দিঘীনালা সড়কের তিন কিলোমিটার এলাকায় সড়ক ধসে পড়ায় ওই পথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কাপ্তাই, বাঘাইছড়ি, কাউখালী, নানিয়ারচর, রাঙামাটি সদর ও বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলায় মোট ১২৬টি স্থানে পাহাড়ধস হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা ৩৪টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৪ হাজার ২৬৫ জন আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার দুই দিন পর দলমনি চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

এছাড়া বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পাহাড়ি ঢলের মধ্যে মো. বদি আলম নামে এক মুদি ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার সন্ধানে খোঁজাখুঁজি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় দুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারাও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর