বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার
অনলাইন ডেস্ক : বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগবান্ধব দেশে পরিণত করতে সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের ৩১তম বার্ষিক কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে সরকার আমলাতান্ত্রিক জটিলতা ও অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানোর নীতি অনুসরণ করছে। এর মাধ্যমে ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস পাবে এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ আরও শক্তিশালী হবে।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে এসব পরিকল্পনা দেশব্যাপী সফলভাবে বাস্তবায়নে বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
সরকারের লক্ষ্য বেসরকারি খাতের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া উল্লেখ করে তিনি বলেন, সরকারের একার পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। দেশের সফল ব্যবসায়ীদের অভিজ্ঞতা ও অংশীদারিত্বের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাজেট প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বাজেটে সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।
তিনি আরও বলেন, সরকার দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন খাতে বন্ডেড সুবিধা সম্প্রসারণ করেছে। একই সঙ্গে দেশীয় শিল্পকে উৎসাহ দিতে কাঁচামাল ও উৎপাদন-সংশ্লিষ্ট নীতিতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা দেশের বৃহৎ বাজারের পূর্ণ সুযোগ নিতে পারেন।
অর্থনৈতিক উদারীকরণ ও নিয়ন্ত্রণমুক্ত নীতির মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সরকার বড় পরিসরের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান মাহ্দী আমিন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এসব উদ্যোগের বাস্তব ফলাফল আগামী দিনে আরও স্পষ্ট হবে।
অনুষ্ঠানে আইসিসি-বাংলাদেশসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।










