বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু পরিবেশ ও বৃক্ষমেলা

news-image

অনলাইন ডেস্ক : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দুই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

রাজধানীতে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে ১৫ দিন, ৫৬টি জেলা সদরে সাত দিন এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। ঢাকার মেলায় অংশ নিয়েছে ১২০টি স্টল।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। জিআইএস, রিমোট সেন্সিং, ন্যাশনাল ট্রি ডাটাবেজ ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে বনায়ন কার্যক্রম পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ নতুন কর্মসংস্থান এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে বৃক্ষরোপণকে রাষ্ট্রীয় আন্দোলনে রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালে তার উদ্যোগে দেশের প্রথম জাতীয় বননীতি প্রণয়ন করা হয়। পরে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বৃক্ষমেলার সূচনা করেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় প্রযুক্তিনির্ভর ও টেকসই বনায়ন ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।

এর আগে গত ১৩ জুন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ জাতীয় আরও খবর

বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

স্বর্ণের দাম আরও কমল, ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

গোল্ডেন বুটের দৌড়ে চার তারকার রোমাঞ্চ

বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজে হামলা থামাতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প–ইস্যুতে তদন্তের মুখে ইনফান্তিনো?