আজ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হচ্ছেন খামেনি
অনলাইন ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির পর আনুষ্ঠানিকভাবে তাকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে।
বুধবার খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে নেওয়া হলে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন। কঠোর নিরাপত্তার মধ্যেও বিপুলসংখ্যক মানুষ শোকযাত্রায় অংশ নেন। পরে তার মরদেহ কারবালায় নেওয়া হয়, যেখানে ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হয়।
গত শুক্রবার থেকে খামেনির স্মরণে ইরানে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়। প্রথম তিন দিন রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তার মরদেহ রাখা হয়, যাতে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান। পরে কোম হয়ে বিমানযোগে মরদেহ ইরাকে নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে তখন তার দাফন স্থগিত রাখা হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং তেহরান-ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রাষ্ট্রীয়ভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরাকে অনুষ্ঠিত শোকযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কালো শোকপতাকা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল পতাকা। অনেককে ঐতিহ্যবাহী রীতিতে বুক চাপড়ে শোক প্রকাশ করতে দেখা যায়। শোকযাত্রীদের জন্য বিভিন্ন স্থানে খাবার ও পানীয়ের ব্যবস্থাও করা হয়।
নাজাফ ও কারবালা শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র দুই শহর। বিশ্লেষকদের মতে, খামেনির স্মরণে ইরাকে আয়োজিত এই বিশাল শোকানুষ্ঠান ধর্মীয় আবেগের পাশাপাশি ইরান ও ইরাকের ঘনিষ্ঠ রাজনৈতিক ও আধ্যাত্মিক সম্পর্কেরও প্রতিফলন।
১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার কমপ্লেক্সেই তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই স্থানে সমাহিত করা হয়েছিল। বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন খামেনির ছেলে মোজতবা।











