ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের
স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টে তার ভূমিকা তদন্তের উদ্যোগ নিয়েছেন ইউরোপের কয়েক ডজন আইনপ্রণেতা।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওল্টার্স এবং নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছেন, চলমান টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়ম কার্যত পরিবর্তন করা ন্যায়বিচারের চরম লঙ্ঘন এবং খেলাধুলার নীতির পরিপন্থী।
ঘটনার সূত্রপাত হয় যখন ১ জুলাই যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচে লাল কার্ড দেখেন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরবর্তী ম্যাচে তার খেলার সুযোগ থাকার কথা ছিল না।
তবে সোমবারের ম্যাচের আগে ফিফা শাস্তি প্রত্যাহার করে তাকে খেলার অনুমতি দেয়। অভিযোগ উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান, এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরোপীয় আইনপ্রণেতাদের ভাষ্য, ‘আবারও দেখা গেল, ইনফান্তিনো ও ফিফা ট্রাম্প প্রশাসনের চাপে নতি স্বীকার করেছে।’
তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা উচিত।
এছাড়া ইনফান্তিনোর বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের’ অন্যান্য সম্ভাব্য অভিযোগও তদন্তের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। এর মধ্যে ট্রাম্পকে ফিফা ‘পিস প্রাইজ’ দেওয়ার সিদ্ধান্তও অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে ফিফা জানিয়েছে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি তাদের শৃঙ্খলা বিষয়ক কমিটি স্বাধীনভাবে নিয়েছে এবং এটি নিয়ম অনুযায়ী হয়েছে।
আইনপ্রণেতারা জানিয়েছেন, তদন্ত দাবির পক্ষে ইতোমধ্যে ইউরোপীয় পার্লামেন্টের অন্তত ৩৫ জন সদস্য স্বাক্ষর করেছেন।
তাদের বক্তব্য, ‘খেলাধুলার সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু রাজনৈতিক চাপের ভিত্তিতে কে খেলবে আর কে খেলবে না, তা নির্ধারিত হলে সেই ন্যায্যতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।’











