বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : দেশের পাঁচ বিভাগের ১৬ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাসে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কয়েকটি জেলার নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কোথাও পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকলেও মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে চট্টগ্রাম, সিলেট, ময়নসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নদ-নদীর পানি বাড়তে পারে। রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে।

বন্যার আশঙ্কায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরীক্ষার সময়সূচি ও ফলাফলে প্রভাব পড়ার আশঙ্কা করছেন।

পরিস্থিতি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সচিব, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও সমস্যা তৈরি হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, প্রয়োজনে পরীক্ষার্থীদের নিরাপদ স্থানে বা পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত না হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও জানিয়েছেন, বৃষ্টিপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের দুর্যোগ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে সব পরীক্ষাকেন্দ্রকে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে

৫০ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ন্যাটোর