জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় বাংলাদেশের
অনলাইন ডেস্ক : জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
সোমবার অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক ও পুলিশ সদস্যদের কার্যক্রম, আর্থিক প্রতিপূরণ দ্রুত করা, পরিবেশবান্ধব উদ্যোগ, নারী শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং হাইতিতে বাংলাদেশি বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের প্রতিপূরণ সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনসহ পরিবেশ সুরক্ষায় ডিওএসের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পরিবেশগত ক্ষতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সহযোগিতা বাড়াতে আগ্রহী।
সালাহউদ্দিন আহমদ নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরিতে জাতিসংঘের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে হাইতির নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির বিষয়টিও উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাইতিতে মোতায়েনের জন্য বাংলাদেশ পুলিশ তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) প্রস্তুত করেছে। এসব ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নৌ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমে দক্ষ।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে।
অন্যদিকে অতুল খারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে দুই পক্ষের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।











