সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মহড়া পর্যবেক্ষণ করেছেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে সিংগাইর উপজেলার ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় পৌঁছে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একটি অপারেশনাল ব্রিফিং শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশ নেওয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদেরও উৎসাহ দেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। এতে মাঠপর্যায়ের সেনাসদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের জনগণের সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











