অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম ও অর্থের প্রভাবের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়েছেন চিত্রনায়িকা পলি।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ওই পদে বিজয়ী হন পারভেজ চৌধুরী আবির।
নির্বাচনের ফল ঘোষণার পর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে পলি অভিযোগ করেন, তাকে হারানোর জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় টাকার প্রভাব ছিল স্পষ্ট।
তিনি বলেন, প্রকৃত শিল্পীরা নির্বাচনে টাকার কাছে পরাজিত হয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনী ব্যয় দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে।
পলি আরও অভিযোগ করেন, তিনি বিভিন্ন খাতে কয়েক লাখ টাকা খরচ করেছেন, যা মূলত সহায়তার নামে নেওয়া হয়েছিল। তবে এটি ভোট কেনার জন্য নয় বলে দাবি করেন তিনি।
নির্বাচনে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তের দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, এখন আর পদ নিয়ে আগ্রহ নেই, তবে তিনি চান পুরো ঘটনার সত্য উদঘাটন হোক এবং ভবিষ্যতে শিল্পী সমিতির নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।