রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার তাদেরই প্রণীত আইন অনুযায়ী হতে পারে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ শাসনামলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে এবং ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র ভিত্তিতেও অনেক কর্মকাণ্ডে দলের শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার প্রশ্ন আসে। এসব অপরাধের বিচার বিদ্যমান আইনের মাধ্যমেই সম্ভব।

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ প্রথম প্রণয়ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে ২০১০ সালে তাদের শাসনামলেই একই আইনের ভিত্তিতে ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। ২০১৩ সালে সংশোধন এনে ‘অর্গানাইজেশন’ শব্দ যুক্ত করা হয়, যা সংগঠনকেও বিচারের আওতায় আনার সুযোগ তৈরি করে।

তিনি বলেন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে সত্তা বা সংগঠনের বিচার সংক্রান্ত বিধানও যুক্ত করা হয়, যা পরে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে ওই আইনের আওতায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল।

আমিনুল ইসলাম বলেন, যেহেতু এসব আইন বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারই প্রণয়ন ও সংশোধন করেছে, তাই বিদ্যমান কাঠামোর মধ্যেই দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াও পরিচালনা করা সম্ভব।

এ জাতীয় আরও খবর