রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সম্প্রসারণের অংশ হিসেবে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১৩ জুলাই থেকে ধাপে ধাপে কারিগরি ও ব্যবস্থাপনা দল এই তিন দেশে কাজ শুরু করবে।

ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিন স্বাক্ষরিত পৃথক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ১৩ জুলাই উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে এবং সেখানে সাত দিন অবস্থান করবে। পরে ১৫ জুলাই আইডিয়া প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যোগ দেবে।

ফ্রান্সে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সাত দিনের সফরে যাবে। এরপর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের আরেকটি ব্যবস্থাপনা দল সেখানে যাবে।

অন্যদিকে, ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। তাদের সফরের দুই দিন পর, অর্থাৎ ২৯ জুলাই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে পৌঁছাবে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য গঠিত ছয়টি দলের সব ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) থেকে বহন করা হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। নতুন তিনটি দেশ যুক্ত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

এ জাতীয় আরও খবর