ফ্রান্সসহ ৩ দেশে শুরু হচ্ছে প্রবাসী এনআইডি কার্যক্রম
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
জুলাই ৫, ২০২৬
অনলাইন ডেস্ক : ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা যায়, ধাপে ধাপে তিনটি দেশে কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানো হবে, যারা প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ও তদারকি করবে।
কর্মসূচির অংশ হিসেবে ১৩ জুলাই ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে একটি চার সদস্যের কারিগরি দল বাহরাইনে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে। একই দেশে ১৫ জুলাই একটি ব্যবস্থাপনা দলও পাঠানো হবে।
সিঙ্গাপুরে ২৭ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সেখানে একটি কারিগরি দল সাত দিনের জন্য কাজ করবে এবং ২৯ জুলাই ব্যবস্থাপনা দল যোগ দেবে।
ফ্রান্সে ২০ জুলাই থেকে এনআইডি কার্যক্রম শুরু হবে। সেখানে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল সাত দিনের জন্য অবস্থান করবে। পরে ২২ জুলাই একটি ব্যবস্থাপনা দলও যোগ দেবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব কার্যক্রমের সব ব্যয় ‘আইডিয়া প্রকল্প (ফেজ-২)’ থেকে বহন করা হবে।
এর আগে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। নতুন তিন দেশ যুক্ত হলে এই কার্যক্রমের পরিধি আরও বাড়বে বলে জানিয়েছে ইসি।