অনলাইন ডেস্ক : প্রতিকূল আবহাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা থাকলেও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নির্ধারিত ভাষণ দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘যা-ই ঘটুক, আমি ভাষণ দেবই।’
সম্ভাব্য বজ্রঝড়ের কারণে নিরাপত্তার স্বার্থে কয়েক হাজার মানুষকে সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও অনুষ্ঠান বাতিল করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভাষণের পর প্রায় ৪০ মিনিটের বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনীরও আয়োজন রয়েছে।
প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজারো সমর্থক অনুষ্ঠানে যোগ দেন। তবে আবহাওয়া সতর্কতা জারি হওয়ার পর নিরাপত্তাকর্মীরা পুলিশি সহায়তায় দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক ‘ট্রাম্প, ট্রাম্প’ স্লোগান দিতে থাকেন।
স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সামরিক বিমান মহড়া, রাজনৈতিক সমাবেশ এবং আতশবাজির প্রদর্শনীসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ইতিহাসে অন্যতম বৃহৎ উদযাপন।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তীব্র গরমের মধ্যেও ওয়াশিংটনে মানুষের উপস্থিতি ছিল ‘অবিশ্বাস্য’। শুক্রবার রাজধানীর তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
প্রতিকূল আবহাওয়ার প্রসঙ্গে রসিকতা করে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, তিনি এত দীর্ঘ ভাষণ দেবেন যাতে সবাই বুঝতে পারে তিনি সব পরিস্থিতিতেই কাজ করতে সক্ষম।
এর একদিন আগে দক্ষিণ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধ পরিদর্শন করেন ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্টের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি ভাষণ দেন।
ট্রাম্প প্রশাসন স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই আয়োজনকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে তুলে ধরলেও, এর রাজনৈতিক গুরুত্ব নিয়েও দেশজুড়ে আলোচনা চলছে।