রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক চতুর্মাত্রিক বাহিনী গড়ার অঙ্গীকার রাষ্ট্রপতির

news-image

অনলাইন ডেস্ক : সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখেই জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণ করা হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেই গৌরবের গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি ও অন্যান্য ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে দায়িত্বের পরিধি বাড়ায় পিজিআরের সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রচলিত হুমকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং হাইব্রিড নিরাপত্তা ঝুঁকি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা, উন্নত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং সর্বক্ষণ প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

পিজিআরের সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, গৌরবময় ও চ্যালেঞ্জপূর্ণ। প্রতিকূল পরিবেশেও নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সদস্যদের প্রশংসা করেন।

তিনি বলেন, রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেশের মর্যাদা ও জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। এছাড়া প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রয়াত সদস্য এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।