রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবরালের প্রেমিকা কেন ভাইরাল?

news-image

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আলোচনায় আসেন কেপ ভার্দের রাইট ব্যাক সিডনি লোপেস কাবরাল। তবে তার গোলের চেয়েও বেশি নজর কেড়েছে ম্যাচ শেষে নয়, গোলের পর করা আবেগঘন উদযাপন।

অতিরিক্ত সময়ে ২-২ সমতাসূচক গোল করার পর উচ্ছ্বসিত কাবরাল গ্যালারিতে থাকা নিজের প্রেমিকাকে খুঁজতে ছুটে যান। বারবার খুঁজেও তাকে না পেয়ে তিনি নিরাপত্তাকর্মী ও ম্যাচ কর্মকর্তাদের বাধা উপেক্ষা করে গ্যালারির দিকে এগিয়ে যান।

তার এই ব্যতিক্রমী উদযাপন অনেকের কাছে সিনেমার রোমান্টিক দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। শেষ পর্যন্ত প্রেমিকা জেইলি দা ক্রুজকে খুঁজে পেয়ে দুজন আবেগঘন আলিঙ্গনে মেতে ওঠেন। এ কারণে প্রায় দুই মিনিট খেলা বন্ধ থাকাও দর্শকদের বিস্মিত করে।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই কাবরালকে ‘শেষ রোমান্টিক ফুটবলার’ বলে অভিহিত করেন। জেইলি দা ক্রুজও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলের ভিডিও শেয়ার করে গর্ব প্রকাশ করেন।

পেশায় কনটেন্ট নির্মাতা জেইলি দা ক্রুজ যোগাযোগ ও মানবসম্পদ বিষয়ে স্নাতক। এই ঘটনার পর কাবরাল ও তার প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ম্যাচ শেষে কাবরাল বলেন, এমন একটি গোল করার পর তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। বিশ্বকাপে এমন মুহূর্তের স্বপ্ন দেখলেও বাস্তবে তা ঘটবে ভাবেননি। যদিও দলের জয় না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন তিনি।

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া কেপ ভার্দের এই ফুটবলার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিজের আবেগময় উদযাপনের কারণেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।