,

বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ক্রমবর্ধমান বাজার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তিনি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দেশটি আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।

শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা বিশ্বব্যাপী তুলে ধরতে যৌথভাবে বিভিন্ন দেশে রোড-শো আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে এসে বিনিয়োগ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে দেশি-বিদেশি সব প্রতিষ্ঠান সমান সুযোগ পাবে। কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে সফল হলে সেটি দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করবে এবং অন্য বিনিয়োগকারীদেরও উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে। বিনিয়োগবান্ধব নীতিমালা, স্বচ্ছতা এবং জবাবদিহির মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে বিনিয়োগকারীরা নিজ নিজ দেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে পারেন।

তিনি বলেন, দেশের মধ্যবিত্ত শ্রেণির বিস্তার এবং অভ্যন্তরীণ বাজারের সম্প্রসারণের ফলে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা আরও বেড়েছে। সরকার বেসরকারি খাতের বিকাশে সহায়ক নীতি গ্রহণ করছে এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পেও আরও বিনিয়োগ প্রত্যাশা করছে।

মাহদী আমিন আরও বলেন, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমিয়ে উদার অর্থনৈতিক নীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, মুনাফা বিদেশে স্থানান্তরের জটিলতা দূর করা, কর রেয়াত, অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক ও হাইটেক পার্কসহ বিভিন্ন বিনিয়োগ সুবিধা ইতোমধ্যে চালু রয়েছে।

তিনি বলেন, সরকার একটি সমতাভিত্তিক প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান একসঙ্গে বিকশিত হতে পারবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ধারাবাহিক সংলাপ ও পরামর্শসভা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিমান, জ্বালানি, কৃষিভিত্তিক পণ্য, তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং এবং তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নয়নের এই যাত্রায় আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বৃহৎ তরুণ জনশক্তি, বিস্তৃত অভ্যন্তরীণ বাজার এবং দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী বিদেশি বিনিয়োগের জন্য দেশের অন্যতম বড় শক্তি। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা