বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলেমিশে থাকাই জাতির ঐতিহ্য: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার নানা অপচেষ্টা থাকলেও সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও মূল্যবোধ। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ’-এর স্মারক ডাকটিকিট ও লোগোও উন্মোচন করেন।

উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী কর্মসূচির সূচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি রাষ্ট্র গঠনে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন। পাশাপাশি মানুষের পাশাপাশি প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়ে বাংলাদেশ ছিল, আর বাংলাদেশও তাকে গভীর ভালোবাসায় আপন করে নিয়েছে।

তিনি জানান, কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এছাড়া ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে সরকারিভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহ, প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ছিলেন কাজী নজরুল ইসলাম। পরাধীনতা, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তার সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন শুধু অতীতের নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক। তাই নতুন প্রজন্মের কাছে তার চিন্তা-চেতনা আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যেমন জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তেমনি মূল্যবোধের সংকটও তৈরি হয়েছে। এ বাস্তবতায় নজরুলের সাহিত্য ও মানবিক দর্শন তরুণদের জন্য ইতিবাচক দিকনির্দেশনা হতে পারে।

তিনি নজরুলচর্চাকে শুধু সরকারি পরিসরে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যোৎসব, চিত্রপ্রদর্শনী, প্রকাশনা কার্যক্রম এবং ডিজিটাল মাধ্যমে নজরুলের সাহিত্য ও সংগীত সংরক্ষণ এবং বিভিন্ন ভাষায় আন্তর্জাতিকভাবে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।