রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ২,২৯৫

news-image

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ, আর এখনো প্রায় ৫০ হাজার ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, এই বিপর্যয় পুরো জাতিকে গভীর শোকের মধ্যে ফেলেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় শহর লা গুয়াইরা। সেখানে ধসে পড়া বহু ভবনে ‘ডি (ডিসিস্ট)’ চিহ্ন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই স্থানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং জীবিত কাউকে পাওয়া যায়নি।

স্পেনের উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোদেস জানান, যেখানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা থাকে না, সেখানে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানো হয় না। তিনি আরও বলেন, তাদের প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর ধ্বংসস্তূপের নিচে কোনো জীবিত মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারেনি।

তবে হতাশার মধ্যেও আশার খবর মিলেছে। ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এই দুর্যোগে অন্তত ১৩ হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন।

রিকটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে তেলসমৃদ্ধ দেশটির বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে উদ্ধার কার্যক্রম, অবকাঠামো ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

বিভিন্ন দেশের উদ্ধারকারী দল সহায়তায় এগিয়ে এলেও স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি সহায়তা এখনও অপ্রতুল। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সবচেয়ে প্রকট।

এদিকে দুর্যোগের সুযোগে লুটপাট ও চুরির ঘটনাও বেড়েছে। ধ্বংসস্তূপ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভেনেজুয়েলার মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী তিন মাসে পাঁচ লাখ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে ৫ কোটি ডলার তহবিলের আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ