,

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই ভিন্ন কিছু, নতুনের মাঝে ঐতিহ্যের ছোঁয়া। ২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে ঐতিহাসিক আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব। প্রকৃতির অপার সৌন্দর্য আর প্রাচীন বরেন্দ্র অঞ্চল ও গৌড়-সুলতানী আমলের গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী এই আম্রকানন। এবার সেই ঐতিহাসিক পটভূমিতে ধারণ করা পর্বের কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য আসরের চমৎকার সব আয়োজন নিয়ে হাজির হচ্ছে একটি বিশেষ সংকলিত পর্ব।

আগামী শুক্রবার (৩ জুলাই) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একযোগে প্রচারিত হবে পর্বটি। বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলায়, ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটিকে সাজানো হয়েছে ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বটিতে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও থাকছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন।

ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন-যাকে ১৯৯৫ সালে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী জনাব কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে এবার দর্শকদের নিয়ে যাওয়া হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, পর্বতময় ও দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রীসের রাজধানী এথেন্সে। সেখানে থাকছে গ্রীসের বিখ্যাত ‘ইভজোন্স’ নামক সেনাদলের ওপর একটি দারুণ ডকু-ফিচার।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। এর পাশাপাশি রয়েছে একটি ব্যতিক্রমী বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা এই ড্রামাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের লোকসঙ্গীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। তাদের পরিবেশিত সেই গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

এছাড়াও নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নিয়মিত আয়োজন নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা