বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

news-image

অনলাইন ডেস্ক : দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবায় ভয়াবহ সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা মাত্র ১.৭টি এবং সাধারণ হাসপাতালের শয্যা মাত্র ৯টি। এছাড়া ৬৪ জেলার মধ্যে ৩৮টিতেই কোনো আইসিইউ নেই বলে তিনি উল্লেখ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আইসিইউ ঢাকাকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের রোগীরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। নবজাতক, অন্তঃসত্ত্বা নারী, স্ট্রোক বা দুর্ঘটনায় আহত রোগীদের ক্ষেত্রে এই সংকট প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, শুধু শয্যা নয়, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও আধুনিক সরঞ্জামেরও তীব্র ঘাটতি রয়েছে। পরিকল্পিত বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতি উন্নত করা সম্ভব।

তিনি প্রতিটি জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলার পাশাপাশি উন্নত অ্যাম্বুলেন্স ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন, যাতে সংকটাপন্ন রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়া যায়।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের অন্যান্য বক্তারা বলেন, নতুন আইসিইউ স্থাপন ও প্রশিক্ষণ বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে কিছু জেলায় নতুন আইসিইউ চালু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর