ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার ধারাবাহিকতাই যেন ধরে রাখলেন সাদমান ইসলাম। ২৭০ রানের বড় লিড টপকাতে যেখানে দায়িত্ব নেওয়ার কথা, সেখানেই স্লিপের হাতে ক্যাচ অনুশীলন করে বিদায় নিয়েছেন তিনি। তাতে দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৪০ রান করে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে শান্তদের করতে হবে আরও ২৩০ রান।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। শুরুতে খালেদ আহমেদ একটি উইকেট এনে দিলেও এরপর আর খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি টাইগার বোলাররা। মধ্যাহ্নভোজ বিরতির আগে দুই উইকেটে ২৪৯ রান তোলে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।
দ্বিতীয় সেশনের শুরুতে আঘাত হানে তাইজুল ইসলাম। ব্রায়ান বেনেটকে ফেরানোর পর সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও দ্রুতই বিদায় করেন। ২২৭ বলে ১৪০ রান করে দলকে দারুণ অবস্থানে রেখে যান কাইয়া। এরপর রান আউটে তাফাদজওয়া টিসিগাকে হারায় জিম্বাবুয়ে। তাতে মাধেভেরে এবং আরভিনের ব্যাটে ৩৫০ রানের সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় তারা।
শেষ ইনিংসে জিম্বাবুয়েকে আরও চেপে ধরে বাংলাদেশ। তাইজুলের স্পিন ভেলকিতে আটকা পড়ে রোডেশিয়ানরা। যদিও ওয়েসলি মাধেভেরে এবং ক্রেইগ আরভিনের ফিফটিতে দলীয় সংগ্রহ ৪০০ পার করে জিম্বাবুয়ে। আরভিন ৬০ রানে আউট হলেও ৭৭ রানে অপরাজিত ছিলেন মাধেভেরে।
শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৪১০ রানে থামে জিম্বাবুয়ে। পাশাপাশি বাংলাদেশের সামনে ২৭০ রানের পাহাড়সম লিড দাঁড় করায় তারা। বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, আর পেসার খালেদ নিয়েছেন দুই উইকেট। এছাড়া বাকি কোনো বোলার উইকেটের দেখা পাননি।
শেষ বিকেলে পুনরায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ বলে ৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন সাদমান ইসলাম। শেষ পর্যন্ত জয়ের অপরাজিত ২১ রান ও মুমিনুলের ৯ রানে ৪০ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।











