ইতালিতে বাংলাদেশি পরিবারের ৩ জনকে হত্যা
অনলাইন ডেস্ক : ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত স্থানীয় সময় প্রায় ৯টার দিকে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা। হামলায় তাদের ২০ বছর বয়সী ছেলে আহত হন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বাসা থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহত যুবককে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করে।
ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রোম পুলিশ। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।











