অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের দাবিতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। বিলটি পাসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-সংক্রান্ত ক্ষমতা সীমিত করার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদন পেয়েছিল। ফলে বিষয়টি এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্কে পরিণত হয়েছে।
ভোটাভুটিতে রিপাবলিকান দলের কয়েকজন সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। বিশেষ করে লিসা মুরকোস্কি, সুসান কলিন্স, র্যান্ড পলসহ চার রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে দলের কয়েকজন শীর্ষ নেতা ভোটে অনুপস্থিত ছিলেন।
ডেমোক্রেট নেতা চাক শুমার দাবি করেন, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের জনগণকে বিপুল ক্ষতি ও বিভ্রান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার মতে, প্রশাসনের সিদ্ধান্ত দেশকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
অন্যদিকে রিপাবলিকান সিনেটর জেমস রিশ সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করতে পারে এবং কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর সরাসরি শত্রুতা কমে এসেছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলা যাচ্ছে না।
বিলে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কংগ্রেসের অনুমোদন থাকলে সীমিত আকারে সামরিক উপস্থিতি বজায় রাখা এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।