‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক : cকে ঘিরে বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক ব্যবসায়ীকে ববির ‘কথিত স্বামী’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন খোদ ববি।
সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ববি বলেন, ‘কথিত স্বামী বলা হচ্ছে, এটা টোটালি ফেক। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কারণ, আমি জানি, অনেক সময় না জেনেই নানা ধরনের কথা ছড়ানো হয়। কিন্তু আমার পরিবার তো আর এসব বোঝে না। তারা দেশের বাইরে থাকে। তারা যখন এসব খবর দেখে, তখন খুব কষ্ট পায়।’
কিছু গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘সংবাদে যা আসে, সবকিছু যে সত্য নয়, সেটা সবাই বুঝতে পারে না। সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এই পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। যাচাই ছাড়া খবর প্রকাশ করলে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী প্রভাব পড়তে পারে, সেটা ভাবা উচিত।’
মিথ্যা খবরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘সে আমার স্বামী এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে, তাই দেব। কারণ, এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।’
তার কথায়, ‘ওই কোম্পানির সঙ্গে আমার কোনো অফিশিয়াল সম্পর্ক নেই। যতটুকু ছিল, সেটা কাজের সম্পর্ক। কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে ছবি তোলে, বসার ব্যবস্থা করে। সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’
ববি বলেন, ‘আমার মা এসব দেখে অসুস্থ হয়ে গেছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না। আমার প্রশ্ন হলো, বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে? ব্যক্তিজীবন নিয়ে আমাকে ঘিরে তেমন কোনো বিতর্ক নেই। তাই হয়তো আলোচনায় আসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে।’











