শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এর ফলে গরমে রীতিমতো হাঁসফাঁস করছে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং স্পেন।

শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা খুব কম। পশ্চিম ইউরোপের একাধিক দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তাপ কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়াার আশঙ্কা বেশি।

তাপপ্রবাহের তেজ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ফ্রান্সে। পরিস্থিতি সামাল দিতে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটি। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে এবং সামনের দিনগুলোতে ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিড়ি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন তারা।

জার্মানিতেও শুরু হয়েছে তাপপ্রবাহ। তবে দেশটির অবস্থা ফ্রান্সের মতো নয়। জার্মান আবহাওয়াবিদরা বলেছেন, সপ্তাহান্তে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির জন্য দেশের কিছু অংশকে সতর্ক থাকতে হবে।

ব্রিটেনে তাপমাত্রা মহাদেশীয় ইউরোপের মতো তীব্র হবে বলে আশা করা না হলেও, আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন যে ইংল্যান্ড এবং ওয়েলস এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম বসন্ত পার করছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই ধরনের চরম পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে, যার ফলে তাপপ্রবাহ, খরা এবং বন্যার মতো আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্র ও ঘন ঘন ঘটছে।

বর্তমান তাপপ্রবাহটি অনেকের জন্য ইতোমধ্যেই বছরের দ্বিতীয়। এর অর্থ হলো পশ্চিম ইউরোপের কয়েক কোটি বাসিন্দাদের জন্য গ্রীষ্মকাল শুরু হচ্ছে চরম তাপপ্রবাহের আরেকটি পর্যায় দিয়ে।

ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন—সবাই আগামী দিনগুলোর জন্য সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যের ইতেহাসে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখা গিয়েছিল ১৯৭৬ সালে। চলতি বছরের জুন মাসে সেই রেকর্ড ভেঙে যাওয়ার ৪০ শতাংশ আশঙ্কা রয়েছে।

ব্রিটেনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা অ্যালেক্স ডিকিন এই তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে এএফপিকে বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমরা তাপমাত্রার আরও বেশি চরমভাবাপন্নতা দেখছি। এ কারণে সাম্প্রতিক গ্রীষ্মকালগুলো অনেক বেশি গরম হচ্ছে, বর্ষাকালে দেখা দিচ্ছে অস্বাভাবিক বর্ষণ।”

মানিয়ে নেওয়ার চেষ্টা

বর্তমান এই তীব্র গরমের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স, দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়েছে ১৯০০ সাল থেকে। তখন থেকে এখন পর্যন্ত এবারই সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখছে ফ্রান্স।

প্যারিসের উত্তপ্ত রাস্তায়, স্থানীয়রা গরম থেকে বাঁচার কিছু উপায় জানিয়েছেন। এএফপিকে রাজধানীর বাসিন্দা প্যাট্রিসিয়া পিয়েরো বলেছেন, তিনি বাসে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, কারণ তার মতে এটি ‘অত্যন্ত দমবন্ধকর’।

চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী বলেন, “এটা সত্যিই খুব অস্বস্তিকর। আমার মনে হয় মেট্রো হয়তো কিছুটা ভালো।” সূত্র : এএফপি, ডন