প্রশাসনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০
অনলাইন ডেস্ক : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু নন্দিনী হত্যা মামলার এক সন্দেহভাজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে সাত বছর বয়সী নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্রকে আটক করা হলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে প্রশাসনের প্রায় ৩৫ থেকে ৪০ জন সদস্য আহত হন। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ব্যবহৃত গাড়িসহ মোট সাতটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে।
ওসি জানান, ঘটনার পর উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। একই অভিযোগে পরদিন উপজেলা পরিষদের কর্মচারী আব্দুর রাজ্জাক আরও একটি মামলা করেন, যেখানে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
দুই মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে ভেলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ১০ জনকে আটক করা হয় এবং তাদের উভয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।











