অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তির পথে এগোতে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ এমওইউ নামে পরিচিত এই চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন ট্রাম্প। এই সমঝোতাকে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, উভয় দেশ ও তাদের মিত্ররা সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে এবং ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা যুদ্ধের হুমকি থেকে বিরত থাকবে। পাশাপাশি একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং ইরানের আশপাশের এলাকা থেকে সেনা উপস্থিতি কমানোর উদ্যোগ নেবে।
চুক্তিতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ইরান ৬০ দিনের জন্য নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে এবং এ জন্য কোনো অতিরিক্ত ফি নেবে না।
অর্থনৈতিক অংশে ইরানের পুনর্গঠন ও উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা তৈরির কথা বলা হয়েছে। এছাড়া ধাপে ধাপে ইরানের ওপর থাকা আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও নীতিগত সম্মতি রয়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পারমাণবিক কার্যক্রম নিয়ে উভয় দেশ আলোচনা চালিয়ে যাবে।
এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সহজ করতে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে স্থগিত থাকা ইরানি সম্পদ ও তহবিল ব্যবহারের সুযোগও ধাপে ধাপে উন্মুক্ত করা হবে।
চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি যৌথ নির্বাহী কাঠামো গঠনের কথাও বলা হয়েছে। ভবিষ্যতে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদনের পরিকল্পনা রয়েছে, যা এটিকে আন্তর্জাতিক আইনি স্বীকৃতি দেবে।
বিশ্লেষকদের মতে, চূড়ান্ত চুক্তি কার্যকর হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কেই নতুন অধ্যায়ের সূচনা করবে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।