সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাকী আখান্দকে স্মরণ করে আবেগঘন বার্তা বাপ্পা মজুমদারের

news-image

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০ তম জন্মদিন ছিল গতকাল ৭ জুন। এ উপলক্ষে শিল্পীর বিখ্যাত গান ‘এই নীল মণিহার’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে দলছুট। এরপর আজ সোমবার (৮ জুন) প্রিয় এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করলেন ব্যান্ডটির গায়ক জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

লিখেছেন, ‘২০০০ সাল। দিনটি মনে নেই। মিউজিকম্যান স্টুডিও। দলছুটের “হৃদয়পুর” অ্যালবামের কাজ চলছে! “গাছ” গানটির সংগীতায়োজন শেষ হয়েছে সদ্য। রানার (শেখ রানা) লেখায় আমার সুর-সংগীত শেষ হতেই মনে হলো, এই গানে অ্যাকর্ডিয়ান বাজাতে হবে। অ্যাকর্ডিয়ান কোথায় পাব? এ তো এখন কারও কাছেই নেই!’

এরপর বাপ্পা লিখেছেন, ‘খবর নিয়ে জানলাম লাকী ভাইয়ের কাছে আছে। স্টুডিও থেকেই কল দিলাম লাকী ভাইকে। বহু সাহস সঞ্চয় করে বলে ফেললাম, লাকী ভাই, একটা অ্যাকর্ডিয়ান লাগবে। কোথাও পাচ্ছি না। কী করব?’

উত্তরে বাপ্পাকে লাকী বলেন, আরে আমার কাছেই তো আছে বাপ্পা! কিন্তু বাজাবে কে? বাপ্পা তখন বলেন, সেটাই তো মুশকিল লাকী ভাই, কাউকে তো পাচ্ছি না! কেন? আমি বাজাব। বাপ্পাকে আশ্বস্ত করেন লাকী।

গায়ক লিখেছেন, ‘আমি স্তব্ধ! লাকী ভাই! কী বলেন! এ তো সাংঘাতিক ব্যাপার হবে! “আমাকে স্টুডিওর ঠিকানা দাও আর কবে আসব সেইটা বলো” লাকী ভাই জিজ্ঞেস করলেন। দিনক্ষণ ঠিক হলো। লাকী ভাই এলেন। বাজালেন। আমি আর সঞ্জীব দা (সঞ্জীব চৌধুরী) মুগ্ধ! আনন্দে কেউই কথা বলতে পারছি না!’

লাকী আখন্দে মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘গানটার ইমোশান আমূল পাল্টে গেল লাকী ভাই বাজানোয়! সঞ্জীব দার গাওয়া “খোলা আকাশ, একটি গাছ’ গানে যেই অ্যাকর্ডিয়ানের আওয়াজ আপনারা শুনেছেন সেইটা লাকী ভাইয়ের নিজ হাতে ওনার নিজ অ্যাকর্ডিয়ানে বাজানো!’

সবশেষ শ্রদ্ধা নিবেদন করে বাপ্পা মজুমদার লিখেছেন, ‘এক অপার্থিব আনন্দ নিয়ে গভীর রাতে বাড়ি ফিরলাম! আর সারারাত গোটা গানটা লুপে শুনে রাত পার হলো আমার। আহা লাকী ভাই! ভালো থাকুন, যেখানেই থাকুন!’