৩০০-৪০০ কোটি টাকার আম নষ্ট হয় নওগাঁয়
আমকেন্দ্রিক শিল্প গড়ার দাবি
আসাদুর রহমান জয়, নওগাঁ
দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। মৌসুমজুড়ে জেলার বাগানগুলোয় থোকায় থোকায় ঝুলে থাকে আম, আর সেই আম ঘিরে জমে ওঠে হাজার কোটি টাকার বাণিজ্য। কিন্তু বিপুল উৎপাদনের এই জেলায় এখনও গড়ে ওঠেনি কোনো বড় আমভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বা প্রসেসিং জোন। ফলে প্রতিবছর অতিরিক্ত উৎপাদন, সংরক্ষণের অভাব ও বাজারদরের অস্থিরতার কারণে নষ্ট হয়ে যায় প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার আম। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়লেও তারা ন্যায্যমূল্য পান না। মৌসুমের শেষ দিকে বাজারে সরবরাহ বেড়ে গেলে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম পড়ে যায়। এ অবস্থায় আমকেন্দ্রিক শিল্প, কোল্ডস্টোরেজ, কুলিং হাউস ও প্রসেসিং জোন স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে জেলার কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁয় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এসব বাগান থেকে ৪ লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবং উৎপাদন হয়েছিল প্রায় ৩ লাখ ৭৫ হাজার টন।
সাপাহার উপজেলার কুচকুড়িলিয়া গ্রামের আমচাষি রেদওয়ানুর রহমান মুন বলেন, আম্রপালি আম পাকা শুরু হলে ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই গাছ থেকে নামাতে হয়। কৃষক চাইলেও তখন আর বেশি দিন আম ধরে রাখতে পারেন না। বাজারে সরবরাহ বেড়ে গেলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেন। তখন বাধ্য হয়েই কৃষকদের কম দামে আম বিক্রি করতে হয়। এতে আমরা লোকসানের মুখে পড়ি। বড় কোনো হিমাগার বা আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষকরা অনেকটা সুরক্ষা পেতেন।
পোরশা উপজেলার আমইড় গ্রামের চাষি মতিউর রহমান বলেন, ‘এবার আবহাওয়া শুরু থেকেই আম চাষের জন্য খুব একটা অনুকূলে ছিল না। ফলে অধিকাংশ বাগানেই আমের পরিমাণ কম। গত বছর মানভেদে আম্রপালি প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি করেছি। এবার ৩ হাজার টাকার নিচে বিক্রি হলে উৎপাদন খরচই উঠবে না। আমভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বা ম্যাংগো প্রসেসিং জোন গড়ে উঠলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।
আম ব্যবসায়ীরাও একই ধরনের দাবি তুলেছেন। সাপাহার উপজেলা আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, সারাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট সাপাহারে। মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার ব্যবসায়ী এখানে আসেন। এ বাজারে প্রতিবছর প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টাকার আম কেনাবেচা হয়। কিন্তু উৎপাদিত আমের প্রায় ২০ শতাংশ বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষক ও ব্যবসায়ীÑ উভয়েই লাভবান হবেন।
সংশ্লিষ্টরা বলছেন, আম থেকে জুস, পাল্প, জ্যাম, আচার, শুকনো আমসহ বিভিন্ন পণ্য উৎপাদনের সুযোগ থাকলেও নওগাঁয় সেই ধরনের শিল্পের বিকাশ ঘটেনি। ফলে মৌসুমে অতিরিক্ত উৎপাদিত আমের বড় একটি অংশ বাজারজাত করা সম্ভব হয় না। সংরক্ষণ সুবিধার অভাবও ক্ষতির অন্যতম কারণ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়রা মণ্ডল বলেন, আমভিত্তিক ভারী শিল্প স্থাপনের বিষয়ে বিভিন্ন সমন্বয় সভায় কৃষি বিভাগের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি বিভাগের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় সাপাহার অঞ্চলে কুলিং হাউস ও প্যাকিং হাউস নির্মাণের সুপারিশ করা হয়েছে। এসব অবকাঠামো গড়ে উঠলে কৃষকরা তাদের উৎপাদিত আম আরও ভালোভাবে সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন এবং লাভবান হবেন।
দেশের আম উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত নওগাঁয় প্রতিবছর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হলেও সেই সম্ভাবনাকে শিল্পায়নের মাধ্যমে কাজে লাগানো যায়নি। কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, আমকেন্দ্রিক শিল্প, কোল্ড চেইন ব্যবস্থা ও আধুনিক সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা গেলে একদিকে যেমন অপচয় কমবে, অন্যদিকে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।











