,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পৌলি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। এসব যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নিতে গিয়ে বারবার ব্যাহত হয় যান চলাচল। এর মধ্যে শুক্রবার রাতে সেতুর ৭ নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে একজন নিহত এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ থাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।

শনিবার সকাল ১০টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পথে। তিনি বলেন, ‘সেতুতে প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়েছিল। এর বেশিরভাগই ছিল পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহন। সেগুলো দ্রুত সরিয়ে নিতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করেছে।’

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন থেকে আদায় করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতু ও সংযোগ সড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য পৃথক বুথ ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে