,

জিয়ার কূটনৈতিক দর্শনই সরকারের পথচলার ভিত্তি: তথ্যমন্ত্রী

news-image
বাসস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, যেখানে অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও বহুপাক্ষিক সহযোগিতা ও জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে একাধিক গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। আমদানি, রপ্তানি, প্রবাসী আয় এবং জ্বালানি নিরাপত্তার মতো ক্ষেত্রগুলো বিভিন্ন দেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এ কারণে দেশের স্বার্থ সংরক্ষণে এমন একটি স্বাধীন ও বাস্তবমুখী পররাষ্ট্রনীতি প্রয়োজন, যা বিভিন্নমুখী আন্তর্জাতিক সম্পর্ককে সমন্বয় করতে সক্ষম।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং মুসলিম বিশ্বসহ বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি তাঁর অন্যতম বড় কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেন।

জাতীয় পরিচয় ও স্বকীয়তার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের জনগণের নিজস্ব সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় রয়েছে, যা অন্য কারও স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়। তাঁর মতে, এই আত্মপরিচয়ের বোধকে জিয়াউর রহমান রাজনৈতিক চিন্তায় শক্ত ভিত্তি দিয়েছিলেন।

তিনি দাবি করেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি এক সংবর্ধনায় জিয়াউর রহমানকে ‘মুক্তিযুদ্ধের ঘোষক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে জিয়ার মর্যাদা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিভিন্ন দেশের নেতৃত্বও তাঁকে বিশেষ সম্মান জানিয়েছিল।

দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা সম্প্রসারণের দিকে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় নীতিগত অবস্থান অপরিহার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান।

মূল প্রবন্ধে মুনিরুজ্জামান বলেন, কোনো নেতার সাফল্য শুধু অভ্যন্তরীণ উন্নয়নে নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান শক্তিশালী করার মধ্যেও প্রতিফলিত হয়। তাঁর মতে, জিয়াউর রহমানের সময়কাল বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ বলেন, স্বাধীনতা সংগ্রামের সংকটময় সময়ে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নেও তাঁর অবদান উল্লেখযোগ্য।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বিআইপিএসএসের সিনিয়র ফেলো শাফাকাত মনির, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ারেস করিমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও

মেসির বিদায়ে পাঁচটি মনুমেন্তালও পূর্ণ হয়ে যেত: স্কালোনি