মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

news-image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে এই সংখ্যা বাড়ে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায়। ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোরগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার এক পরিবারের সদস্য নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), একই এলাকার আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেটকার চালক (২৫)। এ দুর্ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে, যাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ভাঙ্গা স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের নাদিম জানান, হাসপাতালে চারজনের মরদেহ রাখা হয়েছে এবং আহতদের মধ্যে একজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।