,

বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

news-image
স্পোর্টস ডেস্ক :  আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। খেলার গতি বাড়ানো, সময়ক্ষেপণ কমানো এবং বর্ণবাদ ও অসদাচরণ প্রতিরোধে এসব নতুন বিধান কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, আগামী মৌসুম থেকে নিয়মগুলো চালু হলেও বিশ্বকাপেই প্রথমবার বড় পরিসরে এগুলোর ব্যবহার দেখা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ আড়াল করেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। কর্তৃপক্ষের মতে, বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করে পরিচয় গোপনের প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাভাবিক আলাপচারিতার সময় এমন আচরণ করলে শাস্তি প্রযোজ্য হবে না।

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে তাকেও সরাসরি বহিষ্কার করা হবে। একই শাস্তির মুখে পড়বেন সেই কোচ বা কর্মকর্তা, যারা খেলোয়াড়দের মাঠ ত্যাগে উৎসাহিত করবেন। কোনো দল মাঠ ছেড়ে দেওয়ায় ম্যাচ অসম্পূর্ণ হলে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে।

সময় নষ্ট কমাতে থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার ক্ষেত্রে দৃশ্যমান পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল প্রতিপক্ষ পাবে। আর গোলরক্ষক সময়মতো গোল-কিক সম্পন্ন করতে না পারলে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে।

খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা এসেছে। বদলির সংকেত পাওয়ার পর সংশ্লিষ্ট ফুটবলারকে দশ সেকেন্ডের মধ্যে নিকটতম সীমারেখা দিয়ে মাঠ ত্যাগ করতে হবে। সময়সীমা অতিক্রম করলে তার পরিবর্তে নামা খেলোয়াড় সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করতে পারবেন না; পরবর্তী বিরতিতে রেফারির অনুমতির পর খেলায় যোগ দিতে হবে।

চিকিৎসা নেওয়া ফুটবলারদের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরু হলে তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, মাথায় গুরুতর আঘাত, মুখোমুখি সংঘর্ষ কিংবা বিশেষ কিছু পরিস্থিতিতে এই নিয়ম কার্যকর হবে না।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার পরিধিও বাড়ানো হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড প্রদান কিংবা ভুল কর্নার সিদ্ধান্তের মতো বিষয়গুলো এখন ভিএআরের মাধ্যমে সংশোধন করা যাবে। এছাড়া স্থির বলের পরিস্থিতিতে আক্রমণভাগের খেলোয়াড়ের ফাউল সংক্রান্ত ঘটনাও পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে।

তীব্র গরমের কথা বিবেচনায় রেখে প্রতিটি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। সাধারণত অর্ধের মাঝামাঝি সময়ে খেলোয়াড়রা এই বিরতি পাবেন।

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় অন্য খেলোয়াড়রা মাঠের বাইরে গিয়ে কোচদের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, নতুন এসব বিধান মাঠে শৃঙ্খলা বৃদ্ধি, সময়ক্ষেপণ কমানো এবং প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ ও ন্যায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে