তাপপ্রবাহে কাবু ৪০ জেলা
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আপাতত এর অবসানের সম্ভাবনা কম। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
অন্যদিকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, যেখানে ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।











