,

ইসলামী ব্যাংকের সামনে ফের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ প্রত্যাহার এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও কর্মসূচিতে নেমেছেন একদল গ্রাহক। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। তাদের দাবি, এই নিয়োগ বাতিল করতে হবে, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে তার পদে ফিরিয়ে আনতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং বিভিন্ন পেশার মানুষ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন। সেখানে তারা স্লোগান দেন এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন।

একই দাবিতে সোমবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের ভাষ্য, ওই কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তারা দাবি করেন। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ভিন্ন।

আন্দোলনের কারণে সোমবার দিনের বেলায় নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা সরাসরি আয়োজন করা সম্ভব হয়নি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ভার্চুয়াল সভায় ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে আন্দোলন চালিয়ে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও কর্মসূচি পালন করছেন তারা।