মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারকে ঘিরে নতুন প্রশ্ন

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ‘ডলার’ নামের এক ব্যক্তি। মামলার প্রধান আসামি সোহেল রানা দাবি করেছেন, অপরাধের মূল হোতা ডলার, আর তিনি শুধু মরদেহ গোপন করার চেষ্টা করেছিলেন। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এ দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি।

সোমবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। আদালতে হাজির করার সময় সাংবাদিকদের কাছে সোহেল রানা বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার সঙ্গে ডলার জড়িত। তার ভাষ্য অনুযায়ী, ডলারের বাসা মিরপুর-১১ এলাকায় এবং রামিসাকে সেখানে নিয়ে যেতে তাকে দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও একই বক্তব্য দেন সোহেল। তিনি বলেন, ডলারকে খুঁজে বের করা গেলে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে। এ বিষয়ে তার স্ত্রী স্বপ্না আক্তার কোনো মন্তব্য করেননি।

এদিকে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসার বাবা হান্নান মোল্লা সাক্ষ্য দেন। বিচারক মাসরুর সালেকীনের আদালতে তার জবানবন্দির মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ডলার পল্লবী এলাকার বাসিন্দা এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এলাকায় তিনি মাদকাসক্ত হিসেবেও পরিচিত। স্থানীয় একটি গ্যারেজের মাধ্যমে তার সঙ্গে সোহেল রানার পরিচয় হয়েছিল বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল এবং এলাকায় বাড়ির মালিক।

ডলারের বড় ভাই সেলিম রায়হান জানান, প্রায় ১৯ বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, তদন্তে যদি ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তারও কঠোর শাস্তি হওয়া উচিত।

তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ভূঁইয়া বলেছেন, তদন্তে ডলার নামে একজনের তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি। সাক্ষ্য, ডিজিটাল তথ্য ও অন্যান্য তদন্ত উপাদান বিশ্লেষণ করে ঘটনাস্থলে তার উপস্থিতিরও প্রমাণ পাওয়া যায়নি। এ কারণেই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা কিংবা তার স্ত্রী কেউই ডলারের নাম উল্লেখ করেননি। এছাড়া সোহেলের সঙ্গে ডলারের পূর্ববিরোধের তথ্যও পাওয়া গেছে। তার ধারণা, বিচারপ্রক্রিয়াকে ভিন্ন দিকে নেওয়ার উদ্দেশ্যেই এমন দাবি তোলা হয়ে থাকতে পারে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, তদন্তে ডলারের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীরা তদন্তকে বিভ্রান্ত করতে অন্য ব্যক্তির নাম সামনে আনে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, আদালতে নয়, শুধু গণমাধ্যমের সামনেই এ বক্তব্য দিয়েছেন সোহেল রানা।

অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মূসা কালিমূল্যাহ জানান, তার সঙ্গে আসামিদের আলোচনায় ডলারের প্রসঙ্গ আসেনি। আসামিরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছেন।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। একই দিনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। ঘটনার পাঁচ দিনের মাথায়, ২৪ মে, পুলিশ আদালতে মামলার চার্জশিট জমা দেয়।