তোফায়েল আহমেদ আর নেই
হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং শারীরিক দুর্বলতার কারণে গত বছরের ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একই মাসের ২৮ সেপ্টেম্বর তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল, যা পরে অসত্য বলে নিশ্চিত করা হয়।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশব্যাপী পরিচিতি লাভ করেন।
মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে যুক্ত ছিলেন।










