ফাঁকা ঢাকার বাতাসও ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’
নিউজ ডেস্ক : ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তবে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিনে বা বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর তেমন তথ্যই বলছে।
আজ ঈদের দ্বিতীয় দিন সকালে কোলাহলমুক্ত ফাঁকা ঢাকার বাতাসের মানও ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।
শুক্রবার (২৯ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৭টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৬টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৭টায় তালিকার ৭তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১১০।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিনশাসা শহর (স্কোর ১৭৬)। দূষণের দিক থেকে আজ ১৫৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো ইউক্রেনের কিয়েভ। শহরটির দূষণ স্কোর মাত্র ১১।
আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে ১১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১১৯)। এরপর অন্য শহরগুলোর স্কোর যথাক্রমে- চিলির সান্তিয়াগো ১১৫, চীনের সাংহাই ১১১, পাকিস্তানের লাহোর ১১১।
ঢাকার পরেই দূষণের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনছন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সেনেগালের ডাকাই শহরগুলো।











