মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

news-image

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বেচাকেনা ধীরে ধীরে জমে উঠছে। তবে এবার গরুর দাম গত বছরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে বাড়তি চাপ দেখা যাচ্ছে।

আফতাবনগর, শাহজাহানপুর ও কমলাপুরসহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি হলেও এসব গরুর দামই সবচেয়ে বেশি বেড়েছে। অনেক ক্রেতার অভিযোগ, নির্ধারিত বাজেটের মধ্যে পছন্দের গরু পাওয়া কঠিন হয়ে পড়েছে।

অধিকাংশ পরিবার এবার দেড় লাখ টাকার মধ্যে গরু কেনার পরিকল্পনা করলেও সেই সীমার মধ্যে মানসম্মত পশু পাওয়া যাচ্ছে না বলে জানান অনেকে। এতে হাটে এসে অনেকেই হতাশ হচ্ছেন।

ক্রেতারা বলছেন, গত বছর যে গরু ১ লাখ ২০ হাজার টাকায় কেনা গেছে, এবার একই ধরনের গরুর দাম ১ লাখ ৫০ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ফলে বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে।

ব্যবসায়ীরা অবশ্য বলছেন, পরিবহন খরচ, পশুখাদ্যের দাম এবং খামার পর্যায়ে খরচ বেড়ে যাওয়ায় এবার গরুর দাম বাড়া স্বাভাবিক। তাদের দাবি, গ্রামাঞ্চল থেকেই বেশি দামে পশু কিনতে হচ্ছে।

অনেক ব্যাপারী জানান, ট্রাক ভাড়া, শ্রমিক খরচ ও হাটের বিভিন্ন চার্জ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে। এছাড়া ছোট গরুর চাহিদা বেশি থাকায় সেগুলোর দামও বেড়েছে।

এদিকে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মতে, সামনে হাটে আরও পশু এলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে এবারের ঈদে কোরবানির খরচ বাড়বে তা প্রায় নিশ্চিত।