রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

news-image
নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের চারটি ঋণচুক্তির জন্য এডিবিকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও এ ধরনের সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন ও নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প দেশের অবকাঠামো ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কর্মসংস্থান এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা জানান, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা হয়ে দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত সমন্বিত গ্রোথ নেটওয়ার্ক উন্নয়নে প্রতি বছর ১ বিলিয়ন ডলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমপরিমাণ সহ-অর্থায়নের পরিকল্পনাও রয়েছে। আগামী ২০ বছরে এই কার্যক্রমে মোট প্রায় ৭৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এছাড়া পুঁজিবাজার সংস্কারে ২ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে এডিবি।

সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, আঞ্চলিক যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও বেসরকারি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এডিবি বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ